চট্টগ্রামে জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলায় ২ জনের ফাঁসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলায় ২ জনের ফাঁসি

প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালতে

আদালত প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ জনকে খালাস দেওয়া হয়েছে। গতকাল
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম আদালত এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, মো. খোকন ও মো. ইসমাইল প্রকাশ পিস্তল ইসমাইল। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ৬ আসামি হলেন মো. আবু, মো. কামাল, মো. জসিম, মো. তোতা মিয়া, মো. নাসির ও মো. সুমন প্রকাশ সিএনজি সুমন।
যারা খালাস পেয়েছেন তারা হলেন, মো. শাহাবুদ্দিন প্রকাশ সাইফু, মো. আজিম, মো. নাজিম, রমিজউদ্দিন প্রকাশ রঞ্জু ও মো. জাহাঙ্গীর।
বিষয়টি নিশ্চিত বাদীপক্ষের আইনজীবী আবদুস সাত্তার। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়া থানার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে কিছু দুষ্কৃতকারী জিল্লুর ভাণ্ডারিকে গুলি করে নির্মমভাবে হত্যা করে।
এ ঘটনায় ভাণ্ডারীর ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৮(১)১৫, দায়রা মামলা নম্বর-২১৬৪/১৭ এবং জিআর নম্বর-০৮/১৫। পরে ২০১৬ সালের ৯ অক্টোবর ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার অভিযোগপত্রে মোট ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।