ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

নূরে আলম শাহী
গাইবান্ধায় ছোট ভাই সাগর আহমেদকে হত্যা মামলায় বড় ভাই তানজির আহমেদকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গাইবান্ধা জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স। তিনি বলেন, ‘তানজির আহমেদের স্ত্রীর সাথে তার ছোট ভাই সাগর আহমেদের পরকীয়া ছিল। ঘটনা বুঝতে পেরে তানজিন ২০২০ সালের ৬ জানুয়ারি বড় ভাই তানজির ছোট ভাই সাগরকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ গোবরের ঢিবির নিচে পুঁতে রাখেন। ঘটনার পরদিন সাগরের অপর বড় ভাই বেনজির আহমেদ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।’ তিনি আরও বলেন, ‘পরে পুলিশ তাদের বাড়ির সামনে গোবরের ঢিবির নিচ থেকে মরদেহ উদ্ধারসহ সন্দেহভাজন তানজির আহমেদকে আটক করে। পরবর্তীতে ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন তানজির। মামলার তদন্ত শেষে পুলিশ তানজির আহমেদের নামে আদালতে অভিযোগপত্র দেয়।’ দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় আদালত তানজিরের বিরুদ্ধে এই রায় দেয় বলে জানান পিপি। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন