টিপুর শরীরে ২০ সেকেন্ডে ১৩ রাউন্ড গুলি, আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ মার্চ, ২০২২, ২:২০ অপরাহ্ণ
টিপুর শরীরে ২০ সেকেন্ডে ১৩ রাউন্ড গুলি, আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম টিপু (৫৪)। এসময় টিপুর গাড়ির পাশে থাকা একটি রিকশার আরোহী সামিয়া আফরান প্রীতিও (২৪) একই ব্যক্তির গুলিতে নিহত হন। প্রীতি সরকারি বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী। ইই ঘটনায় জাহিদুল ইসলামের গাড়িচালক মনির হোসেন মুন্না (২৬) আহত হয়েছেন। তিনি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে দুই জনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ মনির হোসেন মুন্না হাসপাতলে সাংবাদিকদের জানান, তার মালিক জাহিদুল ইসলাম টিপুকে নিয়ে এজিবি কলোনি থেকে গাড়িযোগে শাজাহানপুরের বর্তমান বাসায় যাচ্ছিলেন। পথে শাজাহানপুর আমতলা মসজিদ এলাকায় যানজটে আটকে ছিলেন। এসময় হঠাৎ মুখোশ পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়িলি করলে তারা গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে টিপু মারা যান।

এক থেকে দেড় মিনিটের কিলিং মিশন
রাজধানীর শাহজাহানপুরে হত্যাকাণ্ডে শরীরে গুলির ১৩টি ক্ষত পাওয়ার কথা বলা হয়েছে পুলিশের সুরতহাল প্রতিবেদনে। গত বৃহস্পতিবার রাতে ওই হামলায় টিপু ছাড়াও কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি; তার শরীরে দুটি গোলাকার ক্ষতের কথা সুরতহালে উল্লেখ করেছে পুলিশ। শাহজাহানপুরের আমতলী এলাকায় মানামা ভবনের সামনের সড়কে রাত ১০টার দিকে তার গাড়ির পাশে দাঁড়িয়ে এলোপাতাড়ি গুলি করে হেলমেট পরা এক অস্ত্রধারী। সুরতহাল প্রতিবেদনে বলা হয়, গলার বাঁ পাশে একটি, বুকের বাম পাশের উপরের দিকে একটি, পেটের মধ্যস্থলে একটি, বুকের বাঁ পাশের বগলের কাছাকাছি একটি, বাঁ কাঁধের উপরে ও নিচে দুটি, পিঠের বাঁ পাশে কোমর বরাবর ওপরে চারটি, পিঠের ডানপাশে একটি, ডান নিতম্বে তিনটি গোলাকার ক্ষত চিহ্ন রয়েছে। সুরতহাল করার সময় ক্ষতচিহ্ন দিয়ে ‘রক্ত ঝরছিল’; এছাড়া বুকের ডানপাশে এক ইঞ্চি থ্যাঁতলানো কালো জখম ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন শাহজাহানপুর থানার পরিদর্শক ঠাকুর দাস মালো। রিকশা আরোহী প্রীতির সুরতহাল প্রতিবেদনে এসআই তমা বিশ্বাস তার শরীরে বুকের উপরিভাগে এবং পিঠের ডান পাশে দুটি গোলাকার ক্ষত চিহ্নের কথা উল্লেখ করেছেন। সে হিসাবে সুরতহাল প্রতিবেদন অনুযায়ী দুজনের শরীরে মোট ১৫টি গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে ঘটনাস্থল থেকে পুলিশ ১২টি গুলির খোসা উদ্ধার করে। এ বিষয়ে জানতে চাইলে একজন পুলিশ কর্মকর্তা বলেন, “অনেক গুলি শরীরের এক দিকে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। তখন একটি গুলিতে দুটি ক্ষত হয়। তাই ক্ষত চিহ্ন দিয়ে গুলির সাংখ্যা কাউন্ট করা ঠিক হবে না।”

বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে র‌্যাব
রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, ইতিমধ্যে ঘটনার বেশ কিছু আলামত ও তথ্য তারা পেয়েছে। গতকাল শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন র‌্যাবের র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, অনাকাক্সিক্ষত এ ধরনের গুলির ঘটনায় ইতোপূর্বেও র‌্যাব গুরুত্বের সঙ্গে দ্রুত সময়ে তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। গত বৃহস্পতিবার রাতের ঘটনায়ও হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, গতরাতের গুলিতে নিহতের ঘটনায় আমরা বেশ কিছু ফুটপ্রিন্ট সংগ্রহ করেছি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বেশ কিছু মোটিভও আমরা হাতে পেয়েছি। সেগুলো আমরা পর্যালোচনা করছি। ঘটনায় শুটারদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সনাক্তের চেষ্টা করছি। র‌্যাব ছাড়াও সিআইডি, থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ করছে। আমি মনে করি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার মোটিভ উন্মোচন ও শুটারদের সনাক্ত করে আইনের হাতে সোপর্দ করা সম্ভব হবে।

‘নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন টিপু’
ঢাকার শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে কয়েক দফা হত্যার চেষ্টার পর অনেকবার নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছিলেন বলে দাবি করেছেন তার স্ত্রী ফারহানা ইসলাম ডলি। গতকাল শুক্রবার (২৫ মার্চ) ঢামেক হাসপাতালে নিহতের স্ত্রী ডলি এসব অভিযোগ করেন। ফারহানা ইসলাম ডলি বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে হত্যা করার জন্য কয়েক দফা চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল তারা। আজ তারা সফল হয়েছে। তিনি পুলিশ প্রশাসনের কাছে অনেকবার নিরাপত্তা চেয়ে আবেদন করেন। কিন্তু প্রশাসনের লোকজন কোনো সাড়া দেননি।’

মোবাইলে হুমকির পাঁচদিন পরই হত্যা
চার-পাঁচ দিন আগেই হত্যার হুমকি পেয়েছিলেন জাহিদুল। খুনের আনুমানিক ৪-৫ দিন আগে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে। অজ্ঞাতনামা কেউ ফোন করে এ হুমকি দেয় বলে মামলার এজাহারে দাবি করেছেন নিহতের স্ত্রী ফারজানা ইসলাম ডলি।

তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ মে
গত বৃহস্পতিবার (২৪ মার্চ) গভীর রাতে বাড়িতে ফেরার পথে ঢাকার শাহজাহানপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে টিপুর মৃত্যু হয় আওয়ামী লীগের মতিঝিল থানার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৫) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ মে ধার্য করেছেন আদালত। গতকাল শুক্রবার (২৫ মার্চ) ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।