নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত করতে অন্তত আরও ২০০ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান বিচারকরা

- পাঁচ বছরের বেশি ঝুলছে ৩৩ হাজার মামলা
- এক বিচারকের কাঁধে দেড় হাজার মামলা
বিশেষ প্রতিবেদক : বাংলাদেশে ১০১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ঝুলে আছে দেড় লাখের বেশি মামলা। এক বিচারকের কাঁধে মামলা রয়েছে প্রায় ১ হাজার ৫০০টি করে। মামলা দ্রুত নিস্পত্তি করতে প্রয়োজন এসব ট্রাইব্যুনাল থেকে অন্য মামলার চাপ কমানো। একই সঙ্গে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিচারকদের লজিস্টিক সাপোর্ট বাড়ানোও জরুরি।
আইনজ্ঞরা বলেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃতি নীতি হচ্ছে, কোনো অপরাধী পার পেয়ে গেলেও কোনো নিরপরাধ ব্যক্তিকে সাজা দেওয়া যাবে না। তাই সাত দিনে বিচার শেষ করতে হবে এটা একটি ভ্রান্ত ধারণা। সত্যিকারার্থে বিচারের দীর্ঘসূত্রতা কমাতে গোড়ায় হাত দেওয়ার পরামর্শ তাদের। সুপ্রিম কোর্টের বিবরণী শাখার গত ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, নারী ও শিশু নির্যাতনের ১ লাখ ৫১ হাজার ৩১৭টি মামলা বিচারাধীন রয়েছে।
এর মধ্যে অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে রয়েছে ২০ হাজার ১৮৩টি মামলা। পাশাপাশি হাইকোর্টের নির্দেশে স্থগিত মামলার সংখ্যা ১ হাজার ৬০৭টি। বিচারাধীন এসব মামলার মধ্যে ৩২ হাজার ৯৭২টি মামলাই ঝুলছে পাঁচ বছরের বেশি।
অন্যদিকে নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত করতে অন্তত আরও ২০০ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছেন বিচারকরা। বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গত শুক্রবার এক বিবৃতিতে এমন আহ্বান জানায়। সংগঠনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, দেশে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলো নানা কারণে তাদের প্রত্যাশিত কাজ করতে পারছেন না। বিচারাধীন মামলা এবং বাস্তবতা বিবেচনায় এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার দ্রুত বিচারের স্বার্থে অবিলম্বে কমপক্ষে আরও ২০০টি ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ গঠন জরুরি।
ওই বিবৃতিতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও সংঘটিত অপরাধগুলোর দ্রুত বিচারের স্বার্থে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে অতিরিক্ত দায়িত্ব সরিয়ে পৃথক শিশু আদালত ও মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনেরও আহ্বান জানানো হয়।
দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় নারী ও শিশু নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তির দাবি উঠছে। সরকারের পক্ষ থেকে বিচার দ্রুত করতে আইন সংশোধনের কথাও বলা হচ্ছে। তবে শুধু আইন সংশোধন করেই দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন