বার কাউন্সিল নির্বাচন : আ’লীগের ১৪ প্রার্থীর নাম ঘোষণা

শাহরিয়াল সজল : দেশের আইনজীবীদের সনদ প্রদান ও সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। মনোনয়ন জমা দেওয়ার পর গত বুধবার (৬ এপ্রিল) সাধারণ আসন ও অঞ্চলভিত্তিক প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। এর আগে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের নেতৃত্বে বিকেলে বার কাউন্সিলের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সদস্যরা। প্রার্থীরা হলেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজা, সাবেক খাদ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট শাহ মো. জিকরুল আহমেদ, অ্যাডভোকেট মো. রবিউল আলম (বুদু), অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা)। অব্জলভিত্তিক গ্রæপে ঢাকা অঞ্চলের জন্য অ্যাডভোকেট আবদুল বাতেন, ময়মনসিংহ টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলের জন্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন খান। চট্টগ্রাম ও নোয়াখালীর জন্য অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক। কুমিল্লা ও সিলেট অঞ্চলের জন্য অ্যাডভোকেট এ এফ এম রুহুল এনাম চৌধুরী (মিন্টু)। খুলনা, বরিশাল ও পটুয়াখালীর জন্য অ্যাডভোকেট আনিস উদ্দিন আহমেদ শহীদ। রাজশাহী, যশোর ও কুষ্টিয়ার জন্য অ্যাডভোকেট মো. ইকরামুল হক। দিনাজপুর, বগুড়া, রংপুর ও পাবনার জন্য অ্যাডভোকেট মো. আবদুর রহমান।
গেজেট অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল আগামী ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ এপ্রিল। নির্বাচনের ভোট ২৫ মে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী নির্বাচনের বিরুদ্ধে আপত্তি করতে চাইলে ফলাফল সংক্রান্ত গেজেট প্রকাশের দিন থেকে এক মাসের মধ্যে আবেদন করতে হবে। এজন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন সংক্রান্ত আপত্তি দরখাস্ত শুনানির জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী ও অ্যাডভোকেট আব্দুস সবুর। বাংলাদেশ বার কাউন্সিল কার্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল ১৪ জুলাই আপত্তিপত্র নেবে। বার কাউন্সিলের নির্বাচনে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করার বিষয়টি সদস্য হিসেবে দায়িত্বে থাকা প্রসিকিউটর ও সিনিয়র আইনজীবী সৈয়দ হায়দার আলী নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন