মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ইআরডি’র বিশেষ প্রকাশনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ২:১০ পূর্বাহ্ণ
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ইআরডি’র বিশেষ প্রকাশনা

নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘ফ্লো অব এক্সটারনাল রিসোর্সেস ইনটু বাংলাদেশ’ শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। প্রকাশনাটি সরকারের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা প্রতিবছরই প্রকাশিত হয়। ২০২১ সালের প্রকাশনাটি ‘বিশেষ সংখ্যা’ হিসেবে প্রকাশ করা হয়েছে।
গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি ২০২২) অর্থমন্ত্রী তাঁর সচিবালয়ের দপ্তরে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই প্রকাশনাটিতে স্বাধীনতা পরবর্তী সময় থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বৈদেশিক অর্থায়ন ও এর পরিশোধসহ সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়েছে। এই বিশেষ সংখ্যায় প্রকাশনাটির বর্তমান কাঠামোর সঙ্গে স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ/সংস্থার ভ’মিকা, গৃহীত বৈদেশিক সহায়তার মূল্যায়ন, ভবিষ্যত চ্যালেঞ্জ ও কর্মপদ্ধতি বিষয়ে বৈদেশিক অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্ট ও অভিজ্ঞ বিশিষ্ট ব্যক্তিবর্গের লিখিত নিবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশনাটির সূচনাতেই বৈদেশিক সাহায্য ব্যবস্থাপনার উদ্দেশ্য, গতি-কৃতি, বৈদেশিক ঋণের বর্তমান অবস্থা ও ঋণসংক্রান্ত ঝুঁকি বিশ্লেষণসহ বৈদেশিক সহায়তা ও ঋণ ব্যবস্থাপনার উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন করা হয়েছে।
এছাড়া, সরকারের বাইরে রাষ্ট্রীয় মালিকানাধীন সব প্রতিষ্ঠান কর্তৃক রাষ্ট্রীয় গ্যারাণ্টিযুক্ত বৈদেশিক ঋণের তথ্য এবং সামষ্টিক অর্থনৈতিক সূচকসমূহের তুলনায় বৈদেশিক ঋণের অবস্থার চিত্র সন্নিবেশ করা হয়েছে। এই প্রকাশনাটির তথ্যগুলো ব্যবহার করে শিক্ষানুরাগী, গবেষক, সরকারের নীতি-নির্ধারক ও উন্নয়ন সহযোগীরা উপকৃত হবেন বলে আশা করা যায়। গ্রন্থটির ইলেকট্রনিক কপি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।