‘সাধারণ মানুষ কালো কোট পরা লোক দেখলে বিশ্বাস করতে চায় না’ – বিচারপতি এম এনায়েতুর রহিম

নিজস্ব প্রতিবেদক : আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম বলেছেন, সাধারণ মানুষ কালো কোট পরা লোক (আইনজীবী) দেখলে বিশ্বাস করতে চায় না। তাদের মাঝে কেন এমন চিন্তা বুঝি না। তবে নিশ্চয় এই জায়গায় আমাদের চলাফেরায় ঘাটতি রয়েছে। তা আমাদেরকেই সমাধানে কাজ করতে হবে। বিচার বিভাগের সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি আমাদের পেশাগত যেই কাজ করি না কেন, এটিও এবাদতের অংশ। গত শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এম এনায়েতুর রহিম বলেন, বিচারক বা আইনজীবী হিসেবে আল্লাহ আমাদের মাঝে এই দায়িত্ব দিয়েছেন। তার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। এছাড়াও আইনজীবীদেরকে যে মানুষগুলো অর্থ দিচ্ছে, ভরসা রাখছে, তাদের প্রতি নিজের মনে মনে জবাবদিহিতা তৈরি করতে হবে। বিচারক ও আইনজীবীদের মাঝে অনেক সীমাবদ্ধতা রয়েছে। তবুও উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। তিনি বলেন, আইনজীবীদেরকে সমাজের গরিব অসহায় নির্যাতিত মানুষের সেবায় নিরলসভাবে কাজ করতে হবে। খেয়াল রাখতে হবে, আইনজীবীদেরকে যেন ঠিকাদার বানিয়ে ফেলা না হয়। আইনজীবী ও বিচারকের নামে নানা রকম কথা শোনা যায়। আমাদের কানে এসব আসলে আমরা ব্যথিত হই। কাউকে মামলায় জিতিয়ে দেওয়া বা আসামিকে খালাস পাইয়ে দেওয়ার দায়িত্ব আইনজীবীদের নয়। আপনাদের কাজ আইনি সহায়তা দেওয়া।
আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম-কে ফুল দিয়ে সংবর্ধনা জানান চাঁপাইনবাবগঞ্জ’র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক।


আপনার মতামত লিখুন