স্থগিতাদেশ বহাল রেখেই হাইকোর্টে রুল শুনানির নির্দেশ

আদালত প্রতিবেদক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ এবং স্থিতাবস্থা বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে হাইকোর্টে রুল শুনানি করতে বলেছেন সর্বোচ্চ আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণের আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করেগত সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। উল্লেখ্য, হাইকোর্টে ১৫ ফেব্রুয়ারি রুল শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
আদালতে নিপুণ আক্তারের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রোকনউদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান খান।
জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করীম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।
৭ ফেব্রুয়ারি জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওইদিন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
পরদিন ৮ ফেব্রুয়ারি হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। এর শুনানি নিয়ে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’ দেন চেম্বার আদালত।
একই সঙ্গে ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠিয়ে আদেশ দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।
হাইকোর্টের আদেশের পর আহসানুল করীম সাংবাদিকদের বলেছিলেন, ‘নিপুণ আক্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আপিল বোর্ডকে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তরের দেওয়া চিঠির কার্যকারিতা এবং জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের চিঠি এবং আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত। এছাড়া জায়েদ খানের দায়িত্ব পালনে কোনো প্রকার বাধা না দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। ’ এ বিষয়ে রুল শুনানির জন্য ১৫ ফেব্রুয়ারি দিন রেখেছেন হাইকোর্ট।
এর আগে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।


আপনার মতামত লিখুন