১০ নাম চূড়ান্ত, রাষ্ট্রপতির কাছে যাবে বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৬ পূর্বাহ্ণ
১০ নাম চূড়ান্ত, রাষ্ট্রপতির কাছে যাবে বৃহস্পতিবার

শাহরিয়ার সজল
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। আগামী বৃহস্পতিবার নামগুলো রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত হওয়া নামগুলো রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে। গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সপ্তম ও শেষ বৈঠকে বসে অনুসন্ধান কমিটি। বৈঠক শেষে রাত সাড়ে ৮টায় ব্রিফিং করেন অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে নামগুলো সিলগালা করা হয়।মন্ত্রিপরিষদ সচিব জানান, অনুসন্ধান কমিটি তাদের বৈঠক শেষ করে ১০ জনের নাম চূড়ান্ত করেছেন। আগামী পরশুদিন (বৃহস্পতিবার) তারা রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। গত ২০ ফেব্রুয়ারি কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছিলেন, অনুসন্ধান কমিটি চূড়ান্ত হওয়া ১০ নাম প্রকাশ করবে না।
বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।