নিজস্ব প্রতিবেদক : পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে নিয়ে এসেছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাজী সেলিম। আজ সোমবার কারাগারে থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকার বিজ্ঞপ্তির অংশ নিয়ে আসেন। আদালতের কাঠগড়ায় থাকা অবস্থায় কাগজের অংশ তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে পৌঁছে দেন। এ সময় এক পুলিশ সদস্য বাধা দিলে পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম। এ বিষয়ে আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, আমার মক্কেল কারাগারে ডিভিশন পেয়েছেন। এজন্য তাকে পত্রিকা দেওয়া হয়। তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার জাহাজ রয়েছে, সেটার খোঁজ খবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে আসেন। এদিন সকাল ১০টা ১০ মিনিটের দিকে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান। পরে এজলাস থেকে হাজতখানার দিকে নেওয়ার সময় ফের পুলিশের সঙ্গে চিৎকার চেঁচামেচিতে জড়ান হাজী সেলিম। এরপর শান্ত হলে ধীরে ধীরে তাকে হাজতখানায় প্রবেশ করানো হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com