গোপনকক্ষে ছবি তোলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দুইজনকে অর্থদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
গোপনকক্ষে ছবি তোলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দুইজনকে অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গোপনকক্ষে ছবি তোলার দায়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলা শহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ দণ্ড প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মোঃ মেহেদী হাসান।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে গোপন কক্ষে মোবাইল ফোন দিয়ে ছবি তোলার অভিযোগে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
এসময় প্রিজাইডিং অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সিভিল জজ মোঃ মেহেদী হাসান সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে অভিযুক্ত দুইজনকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এর মধ্যে একজনকে ৫ হাজার টাকা এবং অপরজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটের গোপনীয়তা রক্ষা করা নির্বাচন আচরণবিধির গুরুত্বপূর্ণ অংশ। কোনো ধরনের অনিয়ম বা বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।