
আদালত প্রতিবেদক : চুয়াডাঙ্গায় অস্ত্র মামলায় আবুল কাশেম (৪৮) নামে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় চুয়াডাঙ্গার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে। এ মামলার অপর আসামি চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা গ্রামের মৃত মহর আলী ছেলে জয়নালকে (৪৫) খালাস দেওয়া হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ মে রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা র্যাব ক্যাম্পের ডিএডি আফজাল হোসেনের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার আলুকদিয়া এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুয়াডাঙ্গা থেকে একটি আলমসাধুতে দুই ব্যক্তি অস্ত্র নিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছে। পরে আলুকদিয়া বাজারের ইউনুছ আলী মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর আলমসাধুটির গতিরোধ করা হয়।
এ সময় আলমসাধুতে থাকা দুজনকে আটক করে দেহ তল্লাশি করলে আসামি আবুল কাশেমের কোমর থেকে একটি দেশীয় তৈরি শুটারগান ও ৩০৩ রাইফেলের একটি গুলি চেম্বারে লোড অবস্থায় জব্দ করা হয়। এছাড়াও ওই সময় একটি হাতুড়ি ও একটি লোহার সাবল জাতীয় লম্বা ১৪ ইঞ্চি পাইপ জব্দ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা জয়নাল আসামি আবুল কাশেমের সহযোগী বলে জানা যায়।
এ ঘটনায় আসামি আবুল কাশেমকে প্রধান আসামি ও জয়নালকে সহযোগী হিসেবে চুয়াডাঙ্গা সদর থানায় র্যাব ক্যাম্পের তৎকালীন ডিএডি আফজাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
দীর্ঘদিন ধরে মামলাটি আদালতে চলমান থাকার পর সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার প্রধান আসামি আবুল কাশেমকে অস্ত্র আইনে ১৯ ধারায় ৭ বছর ও ১৯ (এ) ধারায় ১০ বছর কারাদণ্ডদেশ দেন বিচারক।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com