মুন্সীগঞ্জ আদালতে সিঙ্গাপুর থেকে সাক্ষ্য নিলেন বিচারক

আদালত প্রতিবেদক : মুন্সীগঞ্জ আদালতে বিচারাধীনে থাকা এক মামলায় প্রবাসে (সিঙ্গাপুর) থেকেও অনলাইনে সাক্ষ্য দিলেন সাগর হাসান নামে এক সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন। গত রোববার (১৩ এপ্রিল) দুপুরে আদালতের বিচারকার্য চলাকালীন বিচারকের এজলাশে বসে এ সাক্ষ্য গ্রহণ করেন তিনি। সাক্ষী সাগর হাসান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ম‚লচর গ্রামের সেকুল দেওয়ানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ অক্টোবর সন্ধ্যায় টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের পূর্ব ধুপরা পাশা জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের পর সাগর হাসান বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করলে উপজেলার ম‚ল চর গ্রামে মামলার বিবাদিরা তাকে হত্যার উদ্দেশ্যে সুইচ গিয়ার দিয়ে পেটে আঘাত করে। এ ঘটনায় সাগরের বাবা সেকুল দেওয়ান বাদি হয়ে একই এলাকার রিহান হাওলাদারসহ দুইজনকে আসামি করে ঘটনার দুই দিন পর টঙ্গীবাড়ী থানায় মামলা করেন। এরপর সাগর সুস্থ হয়ে সিঙ্গাপুর চলে যান।
মামলার বাদি সেকুল দেওয়ান আদালতে সাক্ষ্য দিলেও ভিকটিম সাগর সাক্ষ্য দিতে না পারায় মামলাটি নিষ্পত্তি হচ্ছে না। এই বিষয়ে বিচারক মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এজলাশে বসে অনলাইনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করেন। বিচারকের এমন উদ্যোগ ব্যাপক সাড়া পেয়েছে আদালত পাড়ায় ও বিচারপ্রার্থীদের মধ্যে। এ ব্যাপারে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন ন্যায়বিচারক। বিচারপ্রার্থীদের সুবিধার্থে আদালতের অনেক কিছুই পরিবর্তন করতে পেরেছেন। যা বিচারপ্রার্থীদের জন্য প্রশংসনীয় কাজ। আজ প্রথমবারের মতো একটি মামলার সাক্ষী সিঙ্গাপুরে থেকেও অনলাইনে সাক্ষী দিয়েছেন। খুব সুন্দরভাবেই বিচারক সে সাক্ষী গ্রহণ করেছেন। এতে কোনো সাক্ষী দূরে থাকলে বা কাজের জন্য আদালতে আসতে না পারলেও অন লাইনের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন।


আপনার মতামত লিখুন