ঢাকাস্থ মানিকগঞ্জ সমিতি কর্তৃক ৯ গুণীজনকে সম্মাননা ও ঈদ পুনর্মিলনী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ জুন, ২০২২, ১:৫০ অপরাহ্ণ
ঢাকাস্থ মানিকগঞ্জ সমিতি কর্তৃক ৯ গুণীজনকে সম্মাননা ও ঈদ পুনর্মিলনী

আকিব আহমেদ : ঢাকাস্থ মানিকগঞ্জ সমিতি কর্তৃক ৯ গুণীজনকে সম্মাননা দিতে যাচ্ছে। আগামী ১০ জুন শুক্রবার সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হবে। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। এ বছর গুণীজন সম্মাননা পাচ্ছেন যাঁরা, তাঁরা হলেন- ডা. মন্মথ নাথ নন্দী (মরণোত্তর), বিচারপতি হাবিবুর রহমান খান (মরণোত্তর), কর্ণেল আব্দুল মালেক পিএসসি (মরণোত্তর), মীর হাসান আলী (মরণোত্তর), আফতাব উদ্দিন খান (মরণোত্তর), কবি জাহানারা আরজু, প্রফেসর মাহফুজা খানম, প্রফেসর ড. মোবারক আহমদ খান এবং প্রকৌশলী মো. হারুন অর রশীদ। ঢাকাস্থ মানিকগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর ডা. রওশন আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এবং মানিকগঞ্জ-১ আসসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। প্রস্তুতি কমিটির আহবায়ক কাজল মুখার্জি ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মোতাহার হোসেন সাজু, সমিতির সকল সম্মানিত সদস্য ও মানিকগঞ্জের সুধীজনদেরকে মানিকগঞ্জ বাসীর সবচেয়ে বড় এ মিলনমেলায় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।