চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের তিনটি নির্বাচনী আসনে দায়িত্বপ্রাপ্ত বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, দায়িত্ব পালনকারী কোনো বিচারককে এখন পর্যন্ত প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স সরবরাহ করা হয়নি।

সংশ্লিষ্ট দায়িত্বশীল বিচারকদের স্টেনোগ্রাফারদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। জানা যায়, নির্বাচনী দায়িত্বে থাকা বিচারকরা মূলত দুটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকেনÑসামারি ট্রায়াল পরিচালনা এবং বিচারিক অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করা।
জেলায় চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব বিচারকদের পাশাপাশি অন্যান্য জেলা থেকেও একাধিক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনের জন্য এসেছেন। তবে তাদের কাউকেই নিরাপত্তা নিশ্চিতে কোনো স্ট্রাইকিং ফোর্স দেওয়া হয়নি বলে জানা গেছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৮৯এ(২) ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ সুপারের কার্যালয় থেকে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যপ্রয়োজনীয় ফোর্স সরবরাহের বিধান রয়েছে। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি বলে অভিযোগ উঠেছে।

নিরাপত্তা না পাওয়ায় দায়িত্বপ্রাপ্ত বিচারকদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে জেলাপ্রশাসন বা পুলিশপ্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।