খুঁজুন
, ,

কৃষকের দোরগোড়ায় পশু চিকিৎসাসেবা পৌঁছে দিল হাবিপ্রবি

মোঃ নজরুল ইসলাম,  দিনাজপুর জেলা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
কৃষকের দোরগোড়ায় পশু চিকিৎসাসেবা পৌঁছে দিল হাবিপ্রবি
দিনাজপুরে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পশু চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিনামূল্যে ভ্রাম্যমাণ ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। সোমবার (১৬ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর দারুল উলুম মাদ্রাসাসংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী টিচিং হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. এনামউল্যা। ভেটেরিনারী অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, ভেটেরিনারী টিচিং হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ, বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও প্রফেসর ড. মো. ফারুক ইসলামসহ ভেটেরিনারি সার্জন, শিক্ষক ও কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারী টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন। এ সময় দুজন সিনিয়র হাউস সার্জন, একজন ফার্ম সুপারভাইজার এবং ভেটেরিনারী অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে পশুপালনবিষয়ক পরামর্শ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। দেশের অর্থনীতিতে প্রান্তিক কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা রয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচীতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছে। এতে গবাদিপশুর রোগবালাই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সমস্যা শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের দক্ষতা বাড়বে।
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, গবাদিপশু, হাঁস-মুরগী ও অন্যান্য প্রাণীর লালন-পালন এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সহযোগীতা নেওয়া যাবে। এ ধরনের কর্মসূচী নিয়মিত আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পাঠানো তথ্য অনুযায়ী, এ ক্যাম্পে ২৫০টি গরু, ৩০০টি ছাগল, ৬০টি হাঁস-মুরগী, ৭০টি ভেড়া, ৪টি বিড়াল এবং তিনটি গবাদিপশুর খামার পরিদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, রোগ প্রতিরোধে টিকা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় কৃষক ও খামারিরা বিনামূল্যে প্রাণীস্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। প্রান্তিক পর্যায়ে এ ধরনের চিকিৎসা কার্যক্রম প্রাণীসম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাকহুইট চাষের সম্ভাবনা, হাবিপ্রবিতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার

মোঃ নজরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাকহুইট চাষের সম্ভাবনা, হাবিপ্রবিতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার
বাংলাদেশ-চীন যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা নিয়ে করে দিন আলোচনা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্যানজিনোমভিত্তিক টারটারিক বাকহুইট প্রজনন ও জলবায়ু-সহনশীল কৃষিবিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের কনফারেন্স রুমে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের (CAAS) ইনস্টিটিউট অব ক্রপ সায়েন্সেসের অধ্যাপক ড. মেইলিয়াং ঝো। তিনি প্যানজিনোমভিত্তিক আধুনিক প্রজনন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে টারটারিক বাকহুইটের জিনগত বৈচিত্র্য শনাক্তকরণ, উন্নত জাত উদ্ভাবন এবং প্রতিকূল পরিবেশে ফসলের অভিযোজন ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বক্তব্যে তিনি বলেন, আধুনিক জিনোমিক্স ও প্যানজিনোম প্রযুক্তির প্রয়োগ কৃষি গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। চীনের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান CAAS-এর সঙ্গে হাবিপ্রবির যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভবিষ্যতে কার্যকর সহযোগিতা গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মেইলিয়াং ঝোকে গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের জন্য ধন্যবাদ জানান।
এগ্রিকালচার অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। এ ছাড়া পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে জানানো হয়, বাকহুইট প্রচলিত অর্থে প্রকৃত শস্য নয়; এটি একটি ছদ্মশস্য বা সিউডোসেরিয়াল। কমন বাকহুইট (Fagopyrum esculentum) এবং টারটারিক বাকহুইট (Fagopyrum tataricum)—এই দুই প্রজাতি পুষ্টিগুণের জন্য বিশেষভাবে পরিচিত। এতে প্রোটিন, খাদ্যআঁশ, লাইসিনসহ অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম ও আয়রনের মতো খনিজ উপাদান রয়েছে। প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত হওয়ায় যথাযথভাবে প্রক্রিয়াজাত ও দূষণমুক্ত অবস্থায় এটি গ্লুটেনমুক্ত খাদ্যের একটি সম্ভাবনাময় বিকল্প।
বাকহুইটে থাকা রুটিন ও কুয়েরসেটিনের মতো ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী কার্যকারিতা নিয়েও গবেষণা চলছে। পাশাপাশি রক্তে গ্লুকোজ ও লিপিডের নির্দিষ্ট সূচকের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে বৈজ্ঞানিক গবেষণার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
বক্তারা উল্লেখ করেন, স্বল্পমেয়াদী ও তুলনামূলকভাবে কম পরিচিত ফসল হিসেবে বাকহুইট কৃষি ব্যবস্থায় বৈচিত্র্য আনা এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা জোরদারে ভূমিকা রাখতে পারে। তবে অতিরিক্ত তাপমাত্রা, পানির সংকট এবং জাতভেদে পরিবেশগত প্রতিক্রিয়ার কারণে এর উৎপাদনশীলতা পরিবর্তিত হতে পারে। তাই বাংলাদেশের কৃষিতে এ ফসলের সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় আবহাওয়া ও মাটির উপযোগিতা যাচাই, জার্মপ্লাজম মূল্যায়ন, মাঠপর্যায়ে পরীক্ষামূলক চাষ এবং কৃষিতাত্ত্বিক গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশে বাকহুইটের সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত জাত নির্বাচন, জিনোম ও মলিকুলার বৈশিষ্ট্য নির্ধারণ, উপযোগী উৎপাদন পদ্ধতি উদ্ভাবন এবং দানা থেকে গ্রোটস, আটা, নুডলসসহ বিভিন্ন মূল্য সংযোজিত খাদ্যপণ্য তৈরির সুযোগ নিয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের কৃষি ও পুষ্টিনিরাপত্তার অগ্রাধিকারকে সমন্বয় করা গেলে ভবিষ্যতে ফসল বৈচিত্র্যকরণ ও জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
তথ্যসূত্র: জনসংযোগ ও প্রকাশনা শাখা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

গোপন সংবাদের ভিত্তিতে বিরল সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ভারতীয় ৪৭৫ পিস ট্যাবলেট

মোঃ নজরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
গোপন সংবাদের ভিত্তিতে বিরল সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ভারতীয় ৪৭৫ পিস ট্যাবলেট
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৯৫ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা।
সোমবার (১৬ নভেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ ভান্ডারা বিওপির সদস্যরা দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযানস্থলে তল্লাশী চালিয়ে ৪৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯৫ হাজার টাকা। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারী ও গোয়েন্দা তৎপরতা তাদের অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও বিজিবির অন্যতম লক্ষ্য। এ ধরনের অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের প্রতিরোধমূলক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কামাল

বি চৌধুরী তুহিন, স্টাফ রিপোর্টার নোয়াখালী
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কামাল

নোয়াখালীর সেনবাগ থানার নয়া অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় এএসআই(নিরস্ত্র) মোঃ কামাল হোসেন কর্তৃক তথ্য প্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া Samsung Galaxy স্মার্ট ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।