বিজিবির তৎপরতায় বিরল সীমান্তে মাদক উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারিরা
সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম মুজিব সড়কে মওলানা ভাসানী কলেজের বিপরীত পাশে সরকার প্লাজার সামনে সরকারি রাস্তা দখল করে প্রতিদিন মোটরসাইকেল পার্কিংয়ের অভিযোগ উঠেছে আল আমিন সমিতির বিরুদ্ধে। সমিতির নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় সড়কের ওপর মোটরসাইকেল রাখা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, যাত্রীসহ সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সরকার প্লাজার সামনে সড়কের একটি অংশ মোটরসাইকেল পার্কিংয়ের কাজে ব্যবহার করায় পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ব্যস্ত সড়কে এভাবে যানবাহন রাখা হলে যানজট ও জনদুর্ভোগ বাড়াটাই স্বাভাবিক। প্রশ্ন উঠেছে, সরকারি রাস্তা কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত মোটরসাইকেল পার্কিংয়ের জায়গা?
স্থানীয়দের দাবি, একসময় ওই স্থানে আল আমিন সমিতির কোনো দৃশ্যমান সাইনবোর্ড ছিল না। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক স্বাধীন দেশ পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সমিতির কর্তৃপক্ষ দেয়ালে ছোট একটি প্যানা বা ব্যানারসদৃশ সাইনবোর্ড লাগায়। তবে সাইনবোর্ড লাগানো হলেও সড়ক দখল করে মোটরসাইকেল পার্কিংয়ের চিত্রে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগীদের প্রশ্ন, একটি প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা না থাকলে তার দায়ভার সাধারণ জনগণকে বহন করতে হবে কেন? প্রতিষ্ঠানের সুবিধার জন্য সরকারি সড়ক ব্যবহারের ফলে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হবে—এটি কোনোভাবেই কাম্য নয়।
এ অবস্থায় জেলা প্রশাসক, পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাঁদের দাবি, সরেজমিন তদন্ত করে সরকারি সড়কে মোটরসাইকেল পার্কিং বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মুজিব সড়কটি যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য দখলমুক্ত রাখতে হবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ ও প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ১৮ নভেম্বর ২০২৬ সকালে সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা দৈনিক স্বাধীন দেশকে বলেন, “শুধু আল আমিন সমিতি নয়, আভিসিনা হাসপাতাল, হেলথ এইড ক্লিনিক ও এসএস রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের সমস্যা রয়েছে। এটি পুরো শহরের একটি সামগ্রিক সমস্যা। শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”
“এ বিষয়ে আল আমিন সমিতির কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।”
সচেতন নাগরিকদের বক্তব্য, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরোধিতা নয়, তাঁদের দাবি জনস্বার্থে। সরকারি রাস্তা জনগণের চলাচলের জন্য, কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিগত পার্কিংয়ের জন্য নয়। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটি দখলমুক্ত করে জনদুর্ভোগের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন তাঁরা।
আপনার মতামত লিখুন
Array