খুঁজুন
, ,

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মাইনুদ্দিন হিরা এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শিক্ষক আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর (কাঠালিয়াপাড়া) এলাকার মৃত তাজেবুল হকের ছেলে। তিনি উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্য বিষয়ক শিক্ষক ছিলেন। আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ আগস্ট বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী জীববিজ্ঞানের বই চাইলে শিক্ষক গোলাম কবির তাকে ২৩ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে আসতে বলেন।
কথা মতো ওই ছাত্রী সেদিন বিদ্যালয়ে গেলে ওই শিক্ষক তাকে স্কুল শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিস কক্ষে নিয়ে যান। পরে অফিস কক্ষের দরজা-জানালা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে অফিসের গ্লাস ভেঙে ফেললে মেয়েটি রক্ষা পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে হাতেনাতে আটক করে। এ ঘটনায় ভিকটিমের চাচা মো. শাহজাহান আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনীয় ২০২০) এর ১০ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুস সালাম এবং বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন মো. নাজমুল আজম।
রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুস সালাম সন্তোষ প্রকাশ করে জানান, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের অনৈতিক আচরণ অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ফলে ভবিষ্যতে কোনো শিক্ষক এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর সাহস করবেন না, এটাই আমাদের প্রত্যাশা।
এ দিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল আজমের দাবি, আদালত ৯ এর ধারা ধর্ষণ চেষ্টা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। যার কারণে শ্লীলতাহানির ১০ ধারায় আমার মক্কেলকে সাজা দিয়েছেন। তাই আমরা আপিল করব।

তারেক রহমানের জন্মবার্ষিকীতে দিনাজপুর বিএনপির আয়োজনে বিশেষ মোনাজাত

নজরুল ইসলাম, দিনাজপুর
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
তারেক রহমানের জন্মবার্ষিকীতে দিনাজপুর বিএনপির আয়োজনে বিশেষ মোনাজাত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ আছর দিনাজপুর শহরের জেল রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় ব্যানারে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজনের কথা উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
উল্লেখ্য, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। দীর্ঘ রাজনৈতিক পথচলার এক পর্যায়ে তিনি প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করেন। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। পরবর্তীতে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবনের এই প্রত্যাবর্তন ও রাষ্ট্র পরিচালনার দায়ীত্ব গ্রহণ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়ীত্ব গ্রহণের পর তাঁর সরকারের আলোচিত কর্মসূচীর মধ্যে রয়েছে নিম্নআয়ের পরিবারের জন্য ফ্যামিলী কার্ড, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং নদী-খাল পুনঃখননের উদ্যোগ। এসব কর্মসূচীর মূল লক্ষ্য হিসেবে সামাজিক সুরক্ষা, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়গুলো সামনে এসেছে। তবে এসব উদ্যোগের প্রকৃত সুফল নির্ভর করবে সুষ্ঠু বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল ও মোঃ হাসানুজ্জামান উজ্জ্বল, মোঃ খালুকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, সহসাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ নাজমুল হুদা জনি, প্রচার সম্পাদক মোঃ বাবু চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান বাদশা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মণ্ডল বকুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান রেজা, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরু, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসু খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, কাজী মোঃ কামরুল ইসলাম, জাতীয়তাবাদী পৌর তাঁতীদলের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি এবং জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ডিউটিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের যেসব সদস্য ইন্তেকাল করেছেন, তাঁদের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করা হয়। দেশ ও জনগণের কল্যাণে দায়ীত্ব পালনে তাঁকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।
একই সঙ্গে বাংলাদেশকে সব ধরনের ষড়যন্ত্র, অস্থিরতা ও বিপর্যয় থেকে হেফাজত, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করা হয়। দেশকে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দায়ীত্বশীলতা, সহনশীলতা, সততা ও জনকল্যাণমূলক মানসিকতা বজায় রাখার প্রত্যাশাও অনুষ্ঠানের প্রার্থনার বিষয়বস্তুতে উঠে আসে।
অনুষ্ঠানে দিনাজপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজিবির তৎপরতায় বিরল সীমান্তে মাদক উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারিরা

মোঃ নজরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
বিজিবির তৎপরতায় বিরল সীমান্তে মাদক উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারিরা
দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ৪৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির অভিযানের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির দায়ীত্বপূর্ণ এলাকায় বিরল উপজেলার সীমান্তবর্তী স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির আভিযানিক তৎপরতা বুঝতে পেরে সন্দেহভাজন মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকার সন্দেহজনক স্থানে তল্লাশী চালিয়ে ৪৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং সীমান্তকেন্দ্রিক মাদক চোরাচালানের নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক পাচারের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
 অপরাধীরা কৌশল পরিবর্তন করলেও তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা রক্ষায় ৪২ বিজিবি সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত, তাদের নেটওয়ার্ক চিহ্নিত এবং আইনের আওতায় আনার বিষয়টি সমানভাবে গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষা ও মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত তৎপরতা অব্যাহত থাকলে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সীমান্তের অন্ধকারেও থাকবে নজরদারি, সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করছে ৪২ বিজিবি

মোঃ নজরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
সীমান্তের অন্ধকারেও থাকবে নজরদারি, সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করছে ৪২ বিজিবি
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ভারত থেকে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারী এবং বিশেষ অভিযান জোরদার করার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রমে যুক্ত করা হচ্ছে আধুনিক প্রযুক্তি।
সোমবার (১৬ নভেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা যায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নজরদারী ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অব্যাহত রয়েছে গোয়েন্দা তৎপরতা।
রাতের অন্ধকারে সীমান্ত নজরদারী আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
এসব প্রযুক্তির মাধ্যমে সন্দেহজনক তৎপরতা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সীমান্ত এলাকায় কোনো নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা কিংবা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
অধিনায়ক বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দায়ীত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি, টহল ও অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগীতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।