চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
এদিন সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন। এ ছাড়া বেসরকারি সংস্থার প্রতিনিধি ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।
মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। তিনি জানান, সঠিকভাবে হাত না ধোয়ার কারণে প্রতিবছর প্রায় সাড়ে পাঁচ লাখ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাদের মধ্যে ৪০ শতাংশ শিশুর মৃত্যু হয়।
বক্তারা করোনাকালীন হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, খাবার খাওয়ার আগে ভালোভাবে হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ধুতে হবে। রান্নার সময় গৃহিণীদেরও খেয়াল রাখতে হবে, যাতে হাতে শাকসবজির ময়লা লেগে না থাকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জন পলাশ হাসদা। পরে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয়।

আপনার মতামত লিখুন
Array