টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গত রোববার দুপুরে টাঙ্গাইলের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন। দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম (৩৫) নাগরপুর উপজেলার দুয়াজানী গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে।
আইনজীবী শফিকুল ইসলাম রিপন বলেন, নূরবানু (৪২) প্রথম স্বামী আব্দুল মিয়ার মৃত্যুর পর তিন ছেলেকে নিয়ে বাবুল মিয়াকে বিয়ে করেন। পরে তারা দুয়াজানী মধ্যপাড়া গ্রামে বসবাস করতেন। ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি সকালে জহিরুল ইসলাম নিজ বাড়িতে তার মা নূরবানুকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দিনই নূরবানুর দ্বিতীয় স্বামী বাবুল মিয়া নাগরপুর থানায় মামলা করেন। পরে পুলিশ জহিরুলকে গ্রেপ্তার করে। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনোয়ার হোসেন ২০২২ সালের ২৮ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। রোববার রায় ঘোষণার পর জহিরুলকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে ছিলেন।

আপনার মতামত লিখুন
Array