পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে ধাক্কার অভিযোগে যুবক গ্রেপ্তার
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ ওরফে মামুন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় এলাকায় পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে চেকপোস্ট অতিক্রমের সময় মমিনুর রশিদকে থামানো হয়। তাঁর মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি অসহযোগিতা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ট্রাফিক সার্জেন্ট শাজাহান আলী সড়ক পরিবহন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের গালিগালাজ করেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই ঘটনার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পূর্ব চৌরাস্তার সাফ ওয়ান স্পোর্টসের সামনে মমিনুর রশিদ আবারও পুলিশ সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম আলমকে প্রাণনাশের হুমকি দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় শামিম আলম প্রতিবাদ করলে মমিনুর রশিদ মোবাইল ফোনে তাঁর কর্তব্য পালনের ভিডিও ধারণ করতে থাকেন। স্থানীয়রা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে মমিনুর রশিদ ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিলে তিনি একটি কাঠের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে পুলিশ তাঁকে আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান বলে এজাহারে বলা হয়। আহত এসআই শামিম আলমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় এসআই মো. শামিম আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় সরকারি কাজে বাধা, পুলিশ কর্মকর্তাকে আহত করা, হুমকি ও গালিগালাজের অভিযোগে মামলা করেন। মামলার পর মঙ্গলবার রাতে মমিনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) আব্দুল হাকিম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
Array