শরীয়তপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা
শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ কমিটির অনুমোদন দেয়। নতুন কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি, লিয়াকত হোসেন খানকে সিনিয়র সহসভাপতি, অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক, ভিপি নাজমুল হক বাদলকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং আতিকুল ইসলাম মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
রোববার বিকেল ৪ টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটিটি অনুমোদন করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ের মধ্যে শরীয়তপুর জেলা যুবদলের একটি সর্বশ্রেষ্ঠ কমিটি উপহার দিতে সক্ষম হব। ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে শরীয়তপুর জেলা যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।
কমিটিতে নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল কবির মৃধা বলেন, দেশ নায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা শরীয়তপুর জেলা যুবদল সব সময় মাঠে কাজ করবে।

আপনার মতামত লিখুন
Array