খুঁজুন
, ,

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সদ্য সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধান বিচারপতি জুবায়ের রহমান, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

এ ছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিক, তিন বাহিনী প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। অনুষ্ঠানের শুরুতে বাজানো হয় জাতীয় সংগীত।

এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শপথের মূল আনুষ্ঠানিকতা। শপথ গ্রহণ শেষে নতুন রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করেন।
পরে উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রাষ্ট্রপতির শপথ ও নতুন মন্ত্রীদের শপথকে কেন্দ্র করে পুরো বঙ্গভবন এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। মূলভবনসহ পুরো বঙ্গভবন এলাকা নতুন সাজে সাজানো হয়।নিরাপত্তার স্বার্থে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে নিবিড়ভাবে দায়িত্ব পালন করছেন। আমন্ত্রিত অতিথিদের নির্দিষ্ট পাস ও কয়েক দফা গাড়ি চেকিংয়ের মাধ্যমে ভেতরে প্রবেশ করানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল ও মাদকসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল ও মাদকসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি। রোববার দিবাগত রাতে উপজেলার ধোবড়া এলাকা থেকে ককটেল ও মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকালে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক আমিনুল ইসলাম ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।

বিজিবি অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িয়ে লুকিয়ে রাখা ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। অভিযানে বিজিবিকে সহায়তা করে পুলিশ।

বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে ককটেল ও মাদক মজুত করা হয়েছে। আটক আমিনুলের বিরুদ্ধে আগেও থানায় মাদকের মামলা রয়েছে।

দিনাজপুরে বিচারাধীন মামলা ঘিরে আপোষনামা, বিবাহের বিষয়ে দুই পক্ষের সমঝোতা

মোঃ নজরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
দিনাজপুরে বিচারাধীন মামলা ঘিরে আপোষনামা, বিবাহের বিষয়ে দুই পক্ষের সমঝোতা
দিনাজপুরে শিশু সহিংসতা সংক্রান্ত বিচারাধীন মামলায় সমঝোতা, দেনমোহর নির্ধারণ ২ লাখ ৫০ হাজার ৫৫১ টাকা।
দিনাজপুরের খানসামায় পারিবারিক বিরোধ ও শিশু সহিংসতা সংক্রান্ত একটি বিচারাধীন মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে লিখিত আপোষ- মীমাংসা সম্পন্ন হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে সম্পাদিত আপোষনামায় বিরোধ নিষ্পত্তি এবং বিবাহের বিষয়ে কয়েকটি শর্ত উল্লেখ করে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করেছে।
আপোষনামা সূত্রে জানা যায়, প্রথম পক্ষ মোঃ হাসেন আলী তাঁর কন্যা মোছাঃ হাবিবা খাতুনের বিষয়কে কেন্দ্র করে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, দিনাজপুরে শিশু সহিংসতা-০৭/২০২৬ (খানসামা) নম্বর মামলা দায়ের করেন।
পরবর্তীতে উভয় পক্ষের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, দিনাজপুর জেলা শাখার মধ্যস্থতায় আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
লিখিত আপোষনামায় উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় পক্ষের ১ নম্বর ব্যক্তি মোঃ বরকত আলীর সঙ্গে প্রথম পক্ষের কন্যা হাবিবা খাতুনের আইনানুগ বিবাহের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার ৫৫১ টাকা দেনমোহর নির্ধারণের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
বিবাহের আনুষ্ঠানিকতা শেষে হাবিবা খাতুনকে যথাযথ মর্যাদায় স্বামীর সংসারে নিয়ে যাওয়া এবং দাম্পত্য জীবনে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার শর্তও এতে অন্তর্ভুক্ত রয়েছে। আপোষনামার অন্যান্য শর্তে বলা হয়েছে, উভয় পক্ষ ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, পরস্পরের প্রতি কটূক্তি বা অসম্মানজনক আচরণ করবেন না এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। কোনো পক্ষ আপোষনামার শর্ত ভঙ্গ করলে অপর পক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলেও উল্লেখ রয়েছে।
এ ছাড়া আপোষ-মীমাংসার ভিত্তিতে প্রথম পক্ষ তাঁর দায়ের করা শিশু সহিংসতা-০৭/২০২৬ (খানসামা) নম্বর মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে আপোষনামায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দ্বিতীয় পক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও শর্ত রাখা হয়েছে।
আপোষনামার শেষাংশে উভয় পক্ষ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং শর্তাবলি পড়ে ও শুনে সম্মত হয়ে স্বাক্ষর করেছেন বলে উল্লেখ রয়েছে। এতে আইনজীবী মোঃ মাশহুর রহমান ফাতেম এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, দিনাজপুর জেলা শাখার জেলা তদন্ত কমিটির আহ্বায়ক ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান শাহের স্বাক্ষর ও সিল রয়েছে।
আইনগত প্রক্রিয়া ও মানবাধিকারের গুরুত্ব
আইনগতভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপোষনামা সম্পাদিত হলেই বিচারাধীন মামলা স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হয়ে যায় না। মামলাটি প্রত্যাহার বা নিষ্পত্তির বিষয়টি সংশ্লিষ্ট আদালতের এখতিয়ার ও প্রযোজ্য আইন অনুযায়ী নির্ধারিত হবে।
অন্যদিকে, প্রস্তাবিত বিবাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনগত বয়স, স্বাধীন ও স্বতঃস্ফূর্ত সম্মতি এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরী। বিশেষ করে হাবিবা খাতুনের নিজস্ব মতামত ও অধিকারকে যথাযথ গুরুত্ব দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, উভয় পক্ষ আপোষনামার শর্ত যথাযথভাবে অনুসরণ করবেন এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিরোধের একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবেন।

তারেক রহমানের জন্মবার্ষিকীতে দিনাজপুর বিএনপির আয়োজনে বিশেষ মোনাজাত

নজরুল ইসলাম, দিনাজপুর
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
তারেক রহমানের জন্মবার্ষিকীতে দিনাজপুর বিএনপির আয়োজনে বিশেষ মোনাজাত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ আছর দিনাজপুর শহরের জেল রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় ব্যানারে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজনের কথা উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
উল্লেখ্য, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। দীর্ঘ রাজনৈতিক পথচলার এক পর্যায়ে তিনি প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করেন। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। পরবর্তীতে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবনের এই প্রত্যাবর্তন ও রাষ্ট্র পরিচালনার দায়ীত্ব গ্রহণ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়ীত্ব গ্রহণের পর তাঁর সরকারের আলোচিত কর্মসূচীর মধ্যে রয়েছে নিম্নআয়ের পরিবারের জন্য ফ্যামিলী কার্ড, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং নদী-খাল পুনঃখননের উদ্যোগ। এসব কর্মসূচীর মূল লক্ষ্য হিসেবে সামাজিক সুরক্ষা, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়গুলো সামনে এসেছে। তবে এসব উদ্যোগের প্রকৃত সুফল নির্ভর করবে সুষ্ঠু বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল ও মোঃ হাসানুজ্জামান উজ্জ্বল, মোঃ খালুকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, সহসাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ নাজমুল হুদা জনি, প্রচার সম্পাদক মোঃ বাবু চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান বাদশা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মণ্ডল বকুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান রেজা, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরু, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসু খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, কাজী মোঃ কামরুল ইসলাম, জাতীয়তাবাদী পৌর তাঁতীদলের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি এবং জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ডিউটিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের যেসব সদস্য ইন্তেকাল করেছেন, তাঁদের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করা হয়। দেশ ও জনগণের কল্যাণে দায়ীত্ব পালনে তাঁকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।
একই সঙ্গে বাংলাদেশকে সব ধরনের ষড়যন্ত্র, অস্থিরতা ও বিপর্যয় থেকে হেফাজত, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করা হয়। দেশকে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দায়ীত্বশীলতা, সহনশীলতা, সততা ও জনকল্যাণমূলক মানসিকতা বজায় রাখার প্রত্যাশাও অনুষ্ঠানের প্রার্থনার বিষয়বস্তুতে উঠে আসে।
অনুষ্ঠানে দিনাজপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।