খুঁজুন
, ,

ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সার্জ পাঁয়ের সঙ্গে দৈনিক স্বাধীন দেশ-এর ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ জুনেদ আহমদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সার্জ পাঁয়ের সঙ্গে দৈনিক স্বাধীন দেশ-এর ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ জুনেদ আহমদের সাক্ষাৎ

আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা ও পেশাগত বিষয় নিয়ে মতবিনিময়। প্যারিসে আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণ বাণিজ্য মেলার উদ্বোধনী আয়োজনে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী সার্জ পাঁয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক স্বাধীন দেশ-এর সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদ। ৪৮তম ‘আইএফটিএম টপ রেসা’র এ আয়োজনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সাক্ষাতে আন্তর্জাতিক সাংবাদিকতা, গণমাধ্যমের ক্রমবর্ধমান ভূমিকা এবং পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন তারা। সম্প্রতি প্যারিসের পোর্ট দ্য ভার্সাইয়ে অনুষ্ঠিত ৪৮তম আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণ বাণিজ্য মেলা ‘আইএফটিএম টপ রেসা’র উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সার্জ প্যাপাঁর সঙ্গে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদের এ সাক্ষাৎ হয়। এ সময় সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, আন্তর্জাতিক পরিসরে গণমাধ্যমের ভূমিকা এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎকালে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, আন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে গণমাধ্যমের দায়িত্বের বিভিন্ন দিক আলোচনায় উঠে আসে। একই সঙ্গে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। পরে তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। ব্যস্ত কর্মসূচির মধ্যেও মন্ত্রী সার্জ পাঁয় সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদের সঙ্গে কিছু সময় মতবিনিময় করেন। সংক্ষিপ্ত এ সৌজন্য সাক্ষাৎ আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলেও আন্তর্জাতিক পরিসরে একজন গণমাধ্যমকর্মী ও নীতিনির্ধারকের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। আন্তর্জাতিক অঙ্গনে গণমাধ্যমের কার্যক্রম ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিভিন্ন দেশের নীতিনির্ধারক, পেশাজীবী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগের মাধ্যমে পারস্পরিক দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।

বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের পেশাগত যোগাযোগ সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং সামাজিক ও সাংস্কৃতিক বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ ও মতবিনিময়ের ক্ষেত্রকে বিস্তৃত করতে পারে। সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদের সঙ্গে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর এ সৌজন্য সাক্ষাৎও আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি পেশাগত যোগাযোগের সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ধরনের সাক্ষাৎ গণমাধ্যমকর্মীদের আন্তর্জাতিক অঙ্গনে পেশাগত পরিচিতি ও যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে। প্যারিসে অনুষ্ঠিত আইএফটিএম টপ রেসা মেলায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন, ভ্রমণ ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিদের অংশগ্রহণের প্রেক্ষাপটে মন্ত্রী সার্জ প্যাপাঁর সঙ্গে এ সাক্ষাৎ আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত যোগাযোগের একটি উল্লেখযোগ্য পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশের বিশেষ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশের বিশেষ কর্মশালা

মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা, যৌতুক, ইভটিজিং, সাইবার সুরক্ষা, ট্রাফিক আইন ও বিভিন্ন সামাজিক অপরাধ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে জেলা সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। কর্মশালায় শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। মাদক অনেক অপরাধের অন্যতম কারণ। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই একটি সম্ভাবনাময় জাতি গঠন সম্ভব।” তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং এটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে। ১৮ বছরের নিচে মেয়েদের এবং ২১ বছরের নিচে ছেলেদের বিয়ে আইনত নিষিদ্ধ। বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন ব্যাহত হয়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং পারিবারিক কলহ সৃষ্টি হতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে ৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন। আত্মহত্যা প্রতিরোধ সম্পর্কে পুলিশ সুপার বলেন, “জীবন অমূল্য, কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়। পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং কিংবা মানসিক কষ্টের কারণে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। মন খারাপ বা হতাশা লাগলে পরিবার, শিক্ষক, বন্ধু অথবা পুলিশের সঙ্গে কথা বলতে হবে। মনে রাখতে হবে, আত্মহত্যা কোনো সমাধান নয়।” কর্মশালায় সাইবার সুরক্ষার গুরুত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ডিজিটাল প্রতারণা থেকে রক্ষা পাওয়ার উপায় এবং অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগন্যাল ব্যবহারের নিয়ম সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বাড়াতে ‘সততা স্টোর’ সম্পর্কে আলোচনা করা হয়। মাদক, ধূমপান, যৌতুক, ইভটিজিং, অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা ‘ব্যাড টাচ’, প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কর্মশালায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের জিজ্ঞাসা তুলে ধরে। পরে কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ সময় এএসপি (প্রবেশনার), সদর মডেল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশের সদস্য, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। কর্মশালার প্রতিপাদ্য ছিল “আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব—সচেতন নাগরিক হব।”

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন চালক, পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনতা। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলতে হবে। দক্ষ চালক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাই সতর্ক হলে সড়ক হবে নিরাপদ ও সুন্দর।
তিনি আরও বলেন, মাদকাসক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ স্থান কিংবা বাঁকে ওভারটেকিং করা এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. কে. এম. শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. দানিউল হক, ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, নিরাপদ সড়ক চাই-এর সভাপতি ফারুকা বেগমসহ বিআরটিএর কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আমিনুল হক আবীর। এর আগে সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড়ের ট্রাফিক বক্সের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের উদ্যোগে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মোটরযানচালক, পরিবহনমালিক, সাধারণ যাত্রী ও পথচারীদের সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র ও পরামর্শের মাধ্যমে সচেতন করা হয়। পাশাপাশি তাঁদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
এদিন সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন। এ ছাড়া বেসরকারি সংস্থার প্রতিনিধি ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।
মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। তিনি জানান, সঠিকভাবে হাত না ধোয়ার কারণে প্রতিবছর প্রায় সাড়ে পাঁচ লাখ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাদের মধ্যে ৪০ শতাংশ শিশুর মৃত্যু হয়।
বক্তারা করোনাকালীন হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, খাবার খাওয়ার আগে ভালোভাবে হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ধুতে হবে। রান্নার সময় গৃহিণীদেরও খেয়াল রাখতে হবে, যাতে হাতে শাকসবজির ময়লা লেগে না থাকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জন পলাশ হাসদা। পরে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয়।